গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহই হতে যাচ্ছেন আইসিসির পরবর্তী সভাপতি। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয়বারের জন্য এই পদে আসতে রাজি নন বলেই জানা যাচ্ছে। সে ক্ষেত্রে ৩৫ বছর বয়সী জয় শাহ আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম এমনটাই দাবি করেছে।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সচিব শাহ। আইসিসির লাভের ৭০ শতাংশ যায় ভারত থেকে। তাছাড়া আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিরও প্রধান জয় শাহ। এর আগে ভারত থেকে জগমোহন ডালমিয়া, শশাঙ্ক মনোহর, এন শ্রীনিবাসন ও শারদ পাওয়ার আইসিসির প্রধান হয়েছিলেন। এবার বিনা নির্বাচনেই জয় শাহ চেয়ারম্যান হতে পারেন বলেও গুঞ্জন আছে। তার বিপক্ষে কেউ নাও দাঁড়াতে পারেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৭ আগস্ট।
ভারতীয় গণমাধ্যম দাবি করেছে যে, জয় শাহকে আইসিসি প্রধানের পদে সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইসিসিতে মোট ১৭টি ভোট আছে। তার মধ্যে ১২টি পূর্ণ সদস্য, তিনটি সহযোগী সদস্য একটি করে ভোট দিতে পারেন। অর্থাৎ, চেয়ারম্যান হতে গেলে ৯টি ভোট পেতে হবে। এই ৯টি ভোট পেতে জয় শাহর খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইসিসির চেয়ারম্যান হতে গেলে জয় শাহকে বিসিসিআইয়ের সচিবের পদ ছাড়তে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বোর্ড সচিব হিসাবে শাহের মেয়াদ শেষ হচ্ছে। আইসিসির চেয়ারম্যান হলে তখন তিনি আর সচিব পদে নির্বাচন করতে পারবেন না। জয় শাহ যদি ৬ বছরের জন্য (দুই মেয়াদে) আইসিসির চেয়ারম্যান হন, সেই মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আবার ভারতীয় বোর্ডে ফিরতে পারবেন তিনি। এক্ষেত্রে তাকে কোনো কুলিং অফ পিরিয়ডে যেতে হবে না।