কুমিল্লার নাঙ্গলকোটে মেয়েকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার সময় নৌকা ডুবে ছেরাজুল ইসলাম (৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) উপজেলার মৌকরা ইউপির মোহেশ্বর জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউপির গোরকমুড়া গ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেরাজুল গত রবিবার সন্ধ্যায় গোরকমুড়ার বাড়ি থেকে নিজে নৌকা চালিয়ে তার মেয়ে, নাতি ও জামাতাকে মোহেশ্বর গ্রামে নামিয়ে দেন। পুনরায় সেখান থেকে নৌকা চালিয়ে যাওয়ার পথে মোহেশ্বর পূর্বপাড়ায় বন্যার পানির তোড়ে তার নৌকাটি উল্টে যায় এবং তিনি নিখোঁজ হন।
ওই রাতে ছেরাজুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খুঁজতে থাকে। এক পর্যায়ে সোমবার সকালে মোহেশ্বর জলাশয়ে তার ব্যবহৃত নৌকা ও বৈঠা দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন চাঁদপুর থেকে ডুবুরি দল এনে সোমবার দুপুর ১২টার দিকে ছেরাজুলের লাশ উদ্ধার করে।
এর আগে শুক্রবার রাতে (২৩ আগস্ট) নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর গ্রামের কেরামত মিয়া মজুমদার (৫৫) নামে এক ব্যক্তি বন্যার পানিতে ডুবে মারা যায়।