নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির নেতৃবৃন্দ ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন নিয়ে গতকাল সোমবার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সোনারগাঁ উপজেলায় অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা বিএনপি। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা হাতে বিভিন্ন স্লোগান দিয়ে সভাস্থলে উপস্থিত হন। সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
অন্যদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কর্মী-সমর্থকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় শাহ আলম মুকুল থানা বিএনপির এক নেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘যে ব্যক্তির ক লিখতে কলম ভেঙে যায় তার নেতৃত্বে কেউ থাকবেন না। সে পরিকল্পিতভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের মামলায় জড়িয়ে হয়রানি করছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা এনামুল হক রবিন ও খোরশেদ আলম প্রমুখ।