ঢাবির নতুন উপাচার্য হচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ ছাড়া নতুন দুই উপ-উপাচার্য হতে যাচ্ছেন অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও ওই সূত্র জানিয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা সচিব শেখ আবদুর রশীদ।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপউপচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে অ্যাকাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র অ্যাকাডেমিক উপদেষ্টা, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র অ্যাকাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নিয়াজ আহমেদ খান উন্নয়ন খাতেও কাজ করেছেন।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাংলাদেশ প্রতিনিধি এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (আরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপউপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর সর্বস্তরে সংস্কারের দাবির মধ্যে সরকারি-বেসরকারি অধিকাংশ দপ্তরের শীর্ষপদে পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া অন্য উপাচার্যদের মতো ঢাবি থেকে পদ ছাড়তে হয় অধ্যাপক মাকসুদ কামালকেও। গত ১০ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তিনি।

বর্তমানে ঢাবির উপউপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং উপউপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।