গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন 

নারায়ণগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে গাজী টায়ার কারখানায় জেলা প্রশাসক মাহমুদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। এই তদন্ত কমিটিতে বিদ্যুৎ, কলকারখানা, ফায়ার সার্ভিসসহ সব বিভাগের লোকজনই রয়েছে। এ সময় তিনি গাজী টায়ার কারখানা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি ঘটনার সঙ্গে জড়িতদের একটি তালিকা তৈরি করতে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজী টায়ারের ভবনের ভেতরে সালফারসহ কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আসলেও তাপ ও ধোয়া রয়ে গেছে এ কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। খুব দ্রুত উদ্ধার কাজ শুরু করা হবে। নিখোঁজদের একটি তালিকা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 

উল্লেখ্য, গাজী টায়ারে এ পর্যন্ত ১৭৬ জন নিখোঁজের দাবী জানিয়েছে স্বজনরা। এদিকে নিখোঁজদের খোঁজে স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছে। স্বজনদের আহাজারিতে কারখানার আশপাশের পরিবেশ ভারী হয়ে আসছে।