দেশের ইতিহাসের ভয়াবহ বন্যাকবলিত ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাত আতঙ্কে ভুগছে দুর্গত জনসাধারণ। দিনে ত্রাণের জন্য দৌড়াদৌড়ি করে রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছে দুর্গতরা। সহায় সম্ভব রক্ষা করতেই রাতে ডাকাত তাড়াতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাদের। দল বেঁধে পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করতে হচ্ছে। ডাকাত আতঙ্কে উপজেলার একাধিক স্থানে জনসাধারণকে লাঠিসোটা নিয়ে রাস্তায় নামার খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ আগস্ট) মাঝরাতে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণাও দেওয়া হয়েছে। এরপর থেকে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক।
জানা যায়, রাত ১১টার পরপরই বন্যা কবলিত সোনাগাজীর মতিগঞ্জ, সোনাগাজী সদর, মঙ্গলকান্দি, বগাদানা, আমিরাবাদ চরদরবেশ, চরমজলিশপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই ওইসব এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষের চিৎকার-চেঁচামেচির শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুবেল নামে ব্যক্তি তার বাড়িতে ডাকাত হানা দেওয়ার কথা উল্লেখ করে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
আরেক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, সেনাবাহিনী বাহিনী মাইকিং করেছে কুদ্দুস মিয়ার বাজারে ডাকাত হানা দিয়েছে। সবাই সতর্ক থাকুন। মনগাজী এলাকায় ডাকাত ঢুকেছে, পুলিশকে ফোন করুন এমন পোস্ট করছে পৌরসভার বাসিন্দা আব্দুল্লাহ।
মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাসিন্দা সংবাদকর্মী শরিয়ত উল্যা রিফাত বলেন, রাতে এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে মানুষ স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডাকাত হানা দেওয়া কথা জানাজানি হলে আতঙ্কে এলাকার মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন। একপর্যায়ে পুলিশের জরুরি নম্বরে ফোন করা হলে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টহল দল এলাকায় পৌঁছে দুর্গত এলাকায় টহল জোরদার করেন।
তিনি আরও বলেন, ডাকাত আতঙ্কে নিজেদের নিরাপত্তা ও সহায় সম্বল রক্ষা করতে এলাকার জনসাধারণ দলবেঁধে পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন, সোনাগাজীতে চুরি ডাকাতির বিষয়ে তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অনেকে আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আমরা শুনেছি কেউ কেউ কোথাও মসজিদের লাউডস্পিকার থেকে সাহায্য চাইছেন। পুলিশের টহল সর্বত্র জোরদার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও কোথাও চুরি-ডাকাতির কোনো সঠিক খবর পাওয়া গেলে সোনাগাজী মডেল থানা পুলিশের জরুরি নম্বরে কল করার অনুরোধ করা হচ্ছে।