মুন্সীগঞ্জের গজারিয়ায় মোহাম্মদ জনি (৩৩) নামে এক ব্যবসায়ী নিখোঁজ ১৩ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে জমা রাখতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। তাদের আশঙ্কা জনিকে অপহরণ করা হতে পারে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। জিডি নম্বর-৮৩৮।
জানা যায়, মোহাম্মদ জনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের জামাল মোল্লার ছেলে। তিনি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসা করতেন।
মোহাম্মদ জনি'র বাবা জালাল মোল্লা বলেন, গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জনি একটি কোম্পানির ডিও ১৩ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। ব্যাংকেও টাকা জমা হয়নি। ব্যাংকে যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় মঙ্গলবার বিকালে তিনি ছেলের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পান।
এসময় তিনি দাবি করেন টাকার জন্য কেউ তার ছেলেকে অপহরণ করতে পারে। এছাড়াও গ্রামের একজনের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে। সব কিছু মিলিয়ে তার ছেলের সঙ্গে খারাপ কিছুও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি দ্রুত ছেলেকে জীবিত উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, ‘ব্যবসায়ী নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’