যে কোনো ফরম্যাটে যে কোনো প্রতিপক্ষের জন্যই বিপজ্জনক নাম বাবর আজম। উইকেটে টিকে গেলে রানের বন্যা বইয়ে দিতে পারেন। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পাওয়া টেস্টে বাংলাদেশ দল সেটা জানত। প্রথম ইনিংসে বাবর ‘ডাক’ মেরেছিলেন। পরের ইনিংসে শূন্য রানেই বাবরের ক্যাচ ফেলেন লিটন দাস। সেই বাবরকে ২২ রানে থামিয়ে দেন নাহিদ রানা। কী ছিল সেই পরিকল্পনা?
নাহিদের করা ঘণ্টায় ১৪৬.৪ কিলোমিটার গতির বলে ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন বাবর। বিসিবির এক ভিডিওবার্তায় বাবরকে আউট করার পরিকল্পনা নিয়ে নাহিদ বলেন, ‘অধিনায়ক (নাজমুল হোসেন শান্ত) আমাকে সামনে সামনে বাউন্সার করার পরিকল্পনা দিয়েছিল। সে (বাবর) আগেই চাপে ছিল, কারণ অন্য দুজন (শরীফুল ও হাসান মাহমুদ) ভালো বোলিং করে গেছে। ব্যাকফুটে থাকতে থাকতে সামনের বলে ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়েছে।’
২১ বছর বয়সী এই পেসার কৃতিত্ব দিয়েছেন সতীর্থদেরও, ‘সাকিব ভাই–মুশফিক ভাইদের মতো লিজেন্ডদের সঙ্গে এক দলে খেলা অনেক বড় কিছু। যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সঙ্গে মাঠে খেলছি, এই বিষয়টা আমাকে উৎসাহ দেয়। শুরুর দিকে বোলিং করার সময় ব্যাকফুটে ছিলাম। হাসান মাহমুদ ও শরীফুল ভাই কামব্যাক করতে সহায়তা করেছেন। লাইন–লেংথ ঠিক করে বোলিং করতে।’