থাইল্যান্ডে বেআইনিভাবে তৈরি মিথানলযুক্ত মদ পান করে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২২ জনেরও বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্যাংককের উত্তর-পশ্চিম প্রান্তে খলং সাম ওয়া জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। খবর সিএনএ ও ডেইলে মেইলের।
খবরে বলা হয়, খলং সাম ওয়া জেলায় রাস্তার পাশে ১৯টি অবৈধ অ্যালকোহল স্ট্যান্ড খুঁজে পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ থাই রাজধানীর প্রশাসন। হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রধানত বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে কঠোর অ্যালকোহল আইন রয়েছে। মদ সীমাবদ্ধ করে দিনের নির্দিষ্ট সময়ে বিক্রয় এবং ধর্মীয় ছুটির দিনে মদপান নিষিদ্ধ করা হয়।
তবে সমালোচকরা বলছেন, কঠোর নিয়মগুলো সস্তায় তৈরি অ্যালকোহলের অবৈধ বাজারের প্রসার ঘটিয়েছে। অনিয়ন্ত্রিত ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি এই মদ স্থানীয়ভাবে ‘ইয়া ডং’ নামে পরিচিত।