নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১৭০, বাস্তুচ্যুত দুই লাখ

  • নাইজেরিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলমান বন্যায় অন্তত ১৭০ জন নিহত 
  • চলমান এই বন্যা কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলমান বন্যায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন এবং দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

মঙ্গলবার নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল জানান, বন্যায় নাইজেরিয়ার উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিএনএন।

নাইজেরিয়ার জাতীয় জরুরি অবস্থার প্রকাশিত ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি)-এর তথ্যানুসারে, গত দুই সপ্তাহে নাইজেরিয়াজুড়ে বন্যা-সংক্রান্ত ঘটনায় কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন আরও ২ হাজার মানুষ। এছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগে ২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চলমান এই বন্যা দেশের উত্তরাঞ্চলের আটটি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষের দেওয়া পূর্বাভাসে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে চলমান এই বন্যা কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে। আর এতে করে পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছর খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

ক্যামেরুনের ল্যাগডো বাঁধের উপরিভাগে অতিরিক্ত বৃষ্টিপাত এবংপানির উপচে পড়াকে বন্যার জন্য দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া গত সপ্তাহে, নাইজেরিয়া হাইড্রোলজিক্যাল সার্ভিসেস এজেন্সি (এনআইএইচএসএ) প্রতিবেশী নাইজার এবং মালি থেকে বন্যার পানি আসার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

এছাড়া নাইজেরিয়ার আবহাওয়া সংস্থা নিমেটও দেশজুড়ে আকস্মিক বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত