নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকার উইনার চাইল্ড অ্যাকাডেমি স্কুলের ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে আরও ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
আহত শিক্ষার্থীদের মধ্যে সিনহা, জিহাদ, মাহিম, রাহিম, আবু হুজাইফা, রিফাত, রুমা ও শর্মিলার নাম জানা গেছে। তাদের বয়স ৭ থেকে ৮ বছর।
উইনার চাইল্ড অ্যাকাডেমি স্কুলের পরিচালক আবু মুছা আল হোসাইন জানান, অসুস্থরা সবাই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা পাশের দোকান থেকে চটপটি ও ঝালমুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু আনসার আলী দেশ রূপান্তরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো।