ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। গত মঙ্গলবার আইন; বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। গতকাল বুধবার এহসানুল হক সামাজী এ নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন।
অ্যাডভোকেট এহসানুল হক সমাজী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন। অ্যাডভোকেট সমাজী বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ও এলএমএম ডিগ্রি লাভ করেন।
এহসানুল হক সমাজী বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবে কাজ করেছেন।
এদিকে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর নেতৃত্বে বিএনপিপন্থি আইনজীবীদের একটি অংশ এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছে। তবে এহসানুল হক সমাজী মহানগর পিপি হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়াসহ বিএনপিপন্থি আইনজীবীদের একটি অংশ, জামায়াতপন্থি ও সাধারণ আইনজীবীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।