কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ডান পায়ের গোড়ালির চোটে মাঠের বাইরে আছেন প্রায় দেড় মাস।
মাঠে কবে ফিরবেন মেসি তা এখনও নিশ্চিত নয়। তবে আশার খবর মেসি অনুশীলনে ফিরেছেন। কোপার পর বুধবার প্রথমবার গ্রুপ অনুশীলনে নামেন মেসি।
মেসিকে দলের সঙ্গে অনুশীলনে ফিরতে দেখে খুশি মায়ামি সতীর্থরা। এ নিয়ে গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার বলেন, ‘তাকে ফের মাঠে দেখার অনুভূতি দারুণ। আমি দেখেছি তাকে প্রতিটি দিনই পায়ের চিকিৎসা নিতে হয়েছে, যা নিয়েই পায়ের স্বাভাবিক অনুশীলন করতে হয়। যদিও আগে থেকেই তার এমন অভিজ্ঞতা ছিল। এখনও নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। কোপায় যে ভয়ঙ্কর চোট দেখেছি, সেই অবস্থা কাটিয়ে আবারও এই সিজনে ফেরার মতো পরিস্থিতি তৈরি হওয়ার মানে এখানে তার যত্নটা সেভাবেই হচ্ছে।’
এমএলএসে চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলেছেন মেসি, ১২ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ৯টি। চোট আর আন্তর্জাতিক সূচির কারণে এখন পর্যন্ত মৌসুমে লিগের ১৪টি ম্যাচ মিস করেছেন।
বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে ইনজুরির কারণেই নেই লিওনেল মেসি।