বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন যুগ শেষ হতেই বড় প্রশ্ন ছিল, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটর গামিনি ডি সিলভার কী হবে? নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর আগে হাথুরুকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রথম বোর্ড সভা শেষে তার অবস্থানটা হলো কূটনৈতিক। গামিনির ক্ষেত্রেও তার বক্তব্য প্রায় একইরকম।
বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তিটি হলেন হাথুরুসিংহে। তার একনায়কসুলভ মনোভাব ক্রিকেটারদেরও পছন্দ নয়। ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করা, দলে গ্রুপিং করা থেকে শুরু করে ক্রিকেটারের গায়ে হাত তোলার অভিযোগও আছে তার বিরুদ্ধে। অন্যদিকে মিরপুরের জঘন্য উইকেটের কারিগর ছিলেন গামিনি। দীর্ঘ এক যুগ ধরে তিনি একই পদে বহাল আছেন। এরপরও বাংলাদেশের ক্রিকেট থেকে এই দুই শ্রীলঙ্কান সহসাই বিদায় হচ্ছেন না।
হাথুরুর বিষয়ে আজ বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যেরকস ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’
সংবাদ সম্মেলনে গামিনি ডি সিলভাকে নিয়েও প্রশ্ন ওঠে। শ্রীলঙ্কান এই কিউরেটর বিসিবির এক প্রভাবশালী পরিচালকের আশীর্বাদপুষ্ট। তার বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘যখন হোম সিরিজটা খেলি, যে ম্যাচগুলো বিদেশি দলের সঙ্গে, সেখানে শুধু গামিনি নয়; প্রধান কোচ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান—সবার চাওয়া থাকে। সব দলই ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করে। গামিনি আমাদের আরও মাঠে কাজ করতে পারে। (উইকেট কেমন হয়) সিরিজ বাই সিরিজ ঠিক হয়। দুর্নীতি যে হয়েছে, কী মাত্রায় হয়েছে সেটা বের করা আমাদের কাজ।’
বাংলাদেশ ছাড়ার আগে মৃত্তিকা বিশেষজ্ঞ ও কিউরেটর টমি হেমিং বলেছিলেন, এখানে একটি 'শ্রীলঙ্কান সিন্ডিকেট' আছে। হেমিংয়ের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার মাত্র সাত দিন হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। কিছুই বন্ধ করা যাবে না, সব কাজই করতে হবে। আমাকে এখন অনেক কিছু এক সঙ্গে করতে হচ্ছে। ওর (গামিনির) চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। তাকে বাদ দেওয়া যায় না, টমি হেমিং চলে গেছে, দুজন ভারতীয় কিউরেটর ছিলেন, চলে গেছেন। চাইলেই যে পাওয়া যাবে তা নয়। আমাদের অনেক গ্রাউন্ডস স্টাফ আছে, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানের ছেলেদের অন্তর্ভুক্ত করা যায় কি না আমরা ভাবছি।’