দূরপাল্লার ড্রোন বানাচ্ছে ইউক্রেন

রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। পশ্চিমা প্রযুক্তি এবং অর্থের সহায়তায় রাশিয়ার ভেতর কয়েকশ কিলোমিটার দূরের স্থাপনায় সফল হামলা চালাচ্ছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে কয়েকবার একাধিক ড্রোন দিয়ে রাশিয়ার কৌশলগত নিশানাগুলোতে এসব দূরপাল্লার হামলা চালাচ্ছে কিয়েভ। যার মধ্যে আছে বিমানঘাঁটি, তেল ও গোলাবারুদের ডিপো এবং কমান্ড সেন্টারগুলো।

কিন্তু যুদ্ধ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ও গোলাবরুদ ব্যবহারে ন্যাটোর মিত্র দেশগুলোর অনুমতি পাচ্ছে না ইউক্রেন। তবে পশ্চিমা মিত্রদের সহায়তা ছাড়াও কম খরচে সশস্ত্র একমুখী আক্রমণাত্মক ড্রোন তৈরি করছে দেশটি। প্রতি মাসে একেকটি ফার্ম এরকমের কয়েকশ ড্রোন তৈরি করছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্বল্প খরচে ড্রোন তৈরির এ পদক্ষেপ রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে একটি অসম প্রভাব ফেলেছে।

ইউক্রেনে অন্তত তিনটি কোম্পানি এসব ড্রোন তৈরি করছে। যার মধ্যে টার্মিনাল অটোনমি নামে একটি কোম্পানি ৭৫০ কিলোমিটার দীর্ঘপাল্লার ড্রোন তৈরি করছে। কোম্পানিটি মাসে শতাধিক দূরপাল্লার একিউ৪০০ স্কিথ একমুখী আক্রমণাত্মক ড্রোন তৈরি করে।