সালমান খানের সঙ্গে ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। অমিতাভ বচ্চন, চিরঞ্জীবীসহ বহু সুপারস্টারের সঙ্গেও কাজ করেছেন। সম্পর্কের গুঞ্জন ছিল ভারতীয় তারকা ক্রিকেটারের সঙ্গে। যে অভিনেত্রীর কথা বলছি, তিনি ১৯৯০-এর দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, যদিও পরে তিনি চলচ্চিত্র ছেড়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি নাগমা। অনলাইন অবলম্বনে এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন এ এস এম বুখারী
কে এই নাগমা?
নন্দিতা অরবিন্দ মোরারজি হিসেবে পরিচিত, নাগমা একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন অভিনেত্রী। তিনি ৯০-এর দশকে একজন জনপ্রিয় প্রধান অভিনেত্রী ছিলেন। তার বাবা অরবিন্দ মোরাজির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাগমার মা চন্দর সাদানাকে বিয়ে করেন। চন্দর একজন চলচ্চিত্র প্রযোজক, যার তিন সন্তান ছিল; তার মধ্যে অভিনেত্রী জ্যোতিকা এবং রোশিনী নামে দুই মেয়ে ছিল।
বলিউড অভিষেক
সালমান খানের সঙ্গে বাঘি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নাগমা। এটি ওই বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা, যা তাকে তারকা বানিয়েছে। এরপর তিনি লাল বাদশাহর মতো বেশ কয়েকটি হিট হিন্দি সিনেমায় অভিনয় করেন এবং এমনকি কিং আঙ্কেলের মতো কাল্ট ক্ল্যাসিকেও অভিনয় করেন।
বিভিন্ন ভাষায় কাজ
নাগমা ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে প্রধানত তেলেগু, হিন্দি, তামিল এবং ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। তিনি চিরঞ্জীবী এবং রজনীকান্তের মতো সুপারস্টারদের সঙ্গে ঘরানা মোগুডু এবং বাশার মতো হিট সিনেমা উপহার দিয়েছেন। এর মাধ্যমে তিনি নিজেকে ৯০-এর দশকের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
সৌরভ গাঙ্গুলির সঙ্গে প্রেমের গুঞ্জন
নাগমা সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঙ্গে ‘প্রেমের সম্পর্কের’ জন্য শিরোনাম হয়েছেন। সাবেক এই ক্রিকেটারের বিয়ের দুই বছর পর ১৯৯৯ বিশ্বকাপের সময় তাদের দেখা হয়। একাধিক প্রতিবেদন অনুসারে, চেন্নাইয়ের অদূরে একটি মন্দিরে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় অনেক কথাবার্তা হয়। তবে ক্রিকেটার গাঙ্গুলির স্ত্রী তাদের সম্পর্কের কথা জানার পর তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
রবি কিষান ও শরৎ কুমারের সঙ্গে সম্পর্ক
সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিচ্ছেদের পর নাগমা ব্যস্ত হয়ে পড়েন দক্ষিণী সিনেমায়। এ সময় তিনি অভিনেতা শরৎ কুমারের প্রেমে পড়েছিলেন বলে জানা গেছে। ওই অভিনেতা বিবাহিতও ছিলেন, তাই তাদের সম্পর্কও শিরোনাম হয়েছিল। বলা হয় যে শরতের স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন, তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই নাগমা শরতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। শুধু তাই নয়, সিনেমায় একসঙ্গে কাজ করার সময় রবি কিষানের সঙ্গেও তার নাম যুক্ত ছিল। যাই হোক, ৪৯ বছর বয়সে এখনো অবিবাহিত নাগমা।
চলচ্চিত্র ছেড়ে রাজনীতিতে
২০০৪ সালে নাগমা কংগ্রেসের রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নেন এবং অন্ধ্র প্রদেশে প্রচারণা চালান। রাজনীতিতে সময় দেওয়ার জন্য ২০০৮ সালে পুরোপুরি চলচ্চিত্র ছেড়ে দেন এ অভিনেত্রী। তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৪২ হাজার ৯১১ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে ছিলেন।