চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার দুই অনুসারীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।
পুলিশ জানায়, অক্সিজেন-কুয়াইশ বুড়িশ্চ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন তারা দুজন। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কায়সারকে। এর আগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায়। দুজনই হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।