ইউএস ওপেনের এবারের আসরের সবচেয়ে বড় অঘটন ঘটে গেল আজ সকালে। দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ। স্পেনের টেনিস তারকা সরাসরি সেটে হারলেন নেদারল্যান্ডের বোটিক ফন ডি জ্যান্ডসচাল্পের কাছে। ম্যাচের ফল ৬-১, ৭-৫, ৬-৪।
র্যাংকিংয়ে বোটিকের অবস্থান ৭৪ নম্বরে। ইউএস ওপেনে অবাছাই। সেই খেলোয়াড়ের বিপক্ষে হেরে গেলেন অলিম্পিকে রুপার পদক পাওয়া আলকারাজ। এই বছর ফরাসি ওপেন ও উইম্বলডন জিতে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল তার।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসে আলকারাজকে হারিয়ে বোটিক বলেন, ‘আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথম বার রাতে খেলতে নেমেছিলাম। দুর্দান্ত দর্শক।’
গত ম্যাচে ডেনিস শাপোভালভকে হারিয়ে দিয়েছিলেন বোটিক। তিনি বলেন, ‘আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ছিলাম। বুঝতে পারছিলাম যে এই ম্যাচ আমি জিততে পারি।’
২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আলকারাজ। তারপর থেকে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে হারলেন তিনি। গোটা ম্যাচে তিনি প্রায় নিষ্প্রভ ছিলেন। প্রথম সেটে তিনি প্রায় দাঁড়াতেই পারেননি ডাচ টেনিস খেলোয়াড়ের সামনে। দ্বিতীয় সেটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন আলকারাজ। কিন্তু জিততে পারেননি। আলকারাজ়ের শক্তিশালী শটগুলির জবাব দিচ্ছিলেন খুব শান্ত ভাবেই। ৩৫টি নেট পয়েন্টের মধ্যে ২৮টি জিতে নেন বোটিক। ম্যাচটিও জিতে নেন তিনি।