পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এবার সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে আজ দুই দল। এই টেস্টে জয় কিংবা ড্র নিশ্চিত করতে পারলেই সিরিজ হবে বাংলাদেশের। তবে বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।
এই টেস্টে দুটি মাইলফলক স্পর্শ করার সুযোগ বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। প্রথমটি হলো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে ৬ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন মুশফিক। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি টেস্ট খেলেছেন তিনি। ১১ সেঞ্চুরি ও ২৭ হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ১১ গড়ে ৫৮৬৭ রান করেছেন মুশফিক।
মুশফিকের পর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তামিম ইকবালের। ৭০ টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান করেছেন তামিম। বাংলাদেশের পক্ষে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে আছেন শুধু মুশফিক ও তামিমই।
এ ছাড়া ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৫,১৯২ রান করেছেন তামিম। এই মুহূর্তে মুশফিকের রান ১৫,১৫৯।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের অসাধারণ ইনিংস খেলে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক।