বিপিএলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ফারুক

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:৫৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে প্রতিবছরই নানারকমের সমস্যার সৃষ্টি হয়। এবার দেশ ও বিসিবির পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএল আয়োজন আরও কঠিন হয়ে গেছে। আগামী বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, ২৭ ডিসেম্বর থেকেই তারা এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর। এটা তার জন্য চ্যালেঞ্জ।

গতকাল বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিপিএল আয়োজন নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল দলগুলির সঙ্গেও কথা বলছি আমরা। আজকের বোর্ড সভার পর আমি আত্মবিশ্বাসী যে, যথাসময়ে আমরা বিপিএল শুরু করতে পারব। ২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ হওয়ার কথা। তার আগে সেপ্টেম্বরের মধ্যে ড্রাফট ও আর যা কিছু আছে, আমরা করে ফেলার চেষ্টা করব। দু-একটি দল হয়তো দল গড়বে না। তবে তারা এখনো পুরোপুরি জানায়নি।’

শেখ হাসিনা সরকারের পতনের পর বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকার ফ্র্যাঞ্চাইজি, খুলনা, সিলেট  এবং রংপুরের ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিয়ে বড় সন্দেহ আছে। কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকরা হয় আত্মগোপনে, না হয় পলাতক। তাছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক লাপাত্তা। তাই বাস্তবতা বলছে, এই অবস্থায় বিপিএল আয়োজন করা ভীষণ কঠিন।

ফারুক আহমেদের জন্য সবকিছু নতুন করেই শুরু করতে হবে। হাতে সময় খুবই কম। ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ধারণা করছি যে, তারা নাও দল গড়তে পারে। সেক্ষেত্রে দলগুলির সঙ্গে বসতে হবে। ৭টি দল ছিল। আমরা প্রথমে দলগুলি ঠিক করব, কোন ৭টি দল। আমি বলেছি, ব্যক্তিগতভাবে সব দলের মালিকের সাক্ষাৎকার নেব, যাতে কিছু ভালো লোককে আমরা পাই। বিপিএলটা আমরা করব। এটা চ্যালেঞ্জ এবং করব আশা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত