পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বানারিপাড়া থেকে কয়েকটি মোটরসাইকেলযোগে কয়েকজন বন্ধু মিলে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করে। লেবুখালী পায়রা সেতুর মাঝামাঝি এলে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলের ৬ আরোহী গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন (১৮)কে মৃত ঘোষণা করেন। নিহত ইমন নলচিঠির জেড এ ভুট্টো কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়। আহত ৫জনের অবস্থাও আশংকাজনক।
দুমকি থানা অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসপাতালে নেয়ার পথে ইমন নামের একজন মারা যান। আহত ৫ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।