রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার কুঁচকিতে ইনজুরি ধরা পড়েছে। সুস্থ হওয়ার জন্য তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। সামনেই ভারত সফর আছে। তার আগে শরিফুলের সুস্থতার আশা করা হচ্ছে।
বিসিবি থেকে এক বিবৃতিতে আজ শনিবার বলা হয়েছে যে, প্রথম টেস্টের পরই শরিফুল কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে ইনজুরি ধরা পড়ে। যে কারণে দ্বিতীয় টেস্টের দলে তাকে বিবেচনা করা হয়নি। তার জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম খান বলেছেন, ‘প্রথম টেস্টের পর শরিফুলের এমআরআই স্ক্যান করানো হয়েছে। এতে তার কুঁচকিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। এ ধরনের ইনজুরির ক্ষেত্রে সেরে উঠতে প্রায় ১০ দিনের মতো লাগে। শরিফুল ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।’