ভারতের উত্তরখণ্ডের কেদারনাথে একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি আগে থেকেই ত্রুটিপূর্ণ ছিল। পরে ওই ত্রুটিপূর্ণ হেলিকপ্টারটি মেরামতের জন্য এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফ্ট করা হচ্ছিল। ওই সময় গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে কেউ হতাহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গিয়েছিল হেলিকপ্টারটি। সেটিকে এয়ারলিফট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার। এর সঙ্গে চেইন দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছিল।
সেই সময়ই মান্দাকানি নদীর কাছে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে ওই হেলিকপ্টার। এর আগে ভারসাম্য হারিয়ে ফেলে উদ্ধারকারী এমআই-১৭ চপার। এরপর একটি নিরাপদ জায়গায় ফেলে দিতে বাধ্য হন পাইলট। হেলিকপ্টারটিতে কোনো যাত্রী বা লাগেজ ছিল না। এবং একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলেই ছিল। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ ছিল। সে ক্ষেত্রে তীর্থযাত্রীদের একটি বড় অংশ চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছানোর জন্য হেলিকপ্টারকেই বেছে নিয়েছেন। এমন একটি আবহে শনিবার মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।