ঢাকঢোল পিটিয়ে বাদীর বাড়িতে গিয়ে মামলা তুলতে হুমকি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মামলায় ১০দিন জেল খেটে জামিনে বের হয়ে ঢাকঢোল পিটিয়ে বাদীর বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগী পরিবার।

জানা যায়, গত শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের শহীদনগর (মার্ডার চর) এলাকায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহমান (৬০)-কে তার নিজ বাড়ির উঠানে দেশীয় অস্ত্র দিয়ে একই গ্রামের আরিফ, আলী হোসেনসহ ১০-১২ জন পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থল থেকে আব্দুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আবারও তারা মারধর করে। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠান।

এ ঘটনায় আব্দুর রহমানের ছেলে ইয়ানুর বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করলে আসামিদের আটক করে আদালতে পাঠায় পুলিশ। সেই মামলার ১০ দিন হাজতবাস করে জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা দলবল নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে গেয়ে বাদীর বাড়ির সামনে এসে মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা না তুললে হত্যার হুমকিও দেয় তারা।

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা নিরাপত্তার জন্য গত ২৭ আগস্ট আরেকটি সাধারণ ডায়েরি করেছে।

স্থানীয়রা জানান, হুমকি দিয়েছেন কি না জানি না। তবে তারা বাদ্য বাজিয়ে নেচে গেয়ে এ বাড়িতে আসে।

গজারিয়া থানার ওসি তদন্ত (অতিরিক্ত দায়িত্ব) আক্তারুজ্জামান বলেন, ঐ পরিবারের নিরাপত্তার বিষয়টা দেখভাল করছি।