মুন্সীগঞ্জের লৌহজংয়ে দখলবাজির সঙ্গে জড়িত থাকায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তৃণমূলপর্যায়ের নেতাকর্মীরা। এই দাবিতে উপজেলার কুমারভোগ এলাকায় গত শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা।
অভিযুক্ত দুই বিএনপি নেতা হলেন কুমারভোগ ইউনিয়নের সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি। এর আগে আওয়ামী লীগকে হটিয়ে শিমুলিয়া ঘাট দখল করায় ২৯ আগস্ট দেশ রূপান্তরে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এরপরই বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং দল থেকে তাদের বহিষ্কারের দাবি ওঠে। কিন্তু কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনি দখলের বিষয়টি অস্বীকার করে গতকাল শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন। কিন্তু যে কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করেছেন, সেটিও তাদের দখল করা আওয়ামী লীগের কার্যালয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান তালুকদার জানান, এটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের পর তারা দখল করে এটিকে বিএনপির কার্যালয় বানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।