মামলা প্রত্যাহার করায় কৃষক দল নেতা বহিষ্কার

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করায় ময়মনসিংহ জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৭ আগস্ট কেন্দ্রীয় কৃষক দল প্রেরিত এক চিঠিতে শৃঙ্খলা

ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তিনি।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফুলপুরে সাইফুল ইসলাম (৩৭) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় ২০ আগস্ট আদালতে মামলা করেন কৃষক দল নেতা মোহাম্মদ আলী। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া বিএনপির তিনজন ও একজন ব্যবসায়ীকেও আসামি করা হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে বাশার আকন্দ (জেলা উত্তর কৃষক দলের আহ্বায়ক) বলেছিলেন, দলীয় সিদ্ধান্তে মামলাটি হচ্ছে। আবেদনের কাগজ রেডি করে আমার থেকে শুধু স্বাক্ষর নেওয়া হয়। মামলার কাগজে দেখতে পাই, বিএনপির তিনজন ও একজন ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিষয়টি বাশার আকন্দের কাছে জানতে চাইলে তিনি জানান, এটি দলীয় কোনো বিষয় নয়। আমি ব্যক্তিগতভাবে শত্রুতা কিনতে চাই না। তাই ২৫ আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করি।’

কৃষক দলের এ নেতা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করিনি। আমি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পদ ফেরত চাই।’