হত্যা মামলায় সাবেক হুইপ ফিরোজ রিমান্ডে 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক  যুবক হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

ফিরোজের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া।

এ ঘটনায় ২০ আগস্ট নিহতের বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২৪ আগস্ট তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাইলে সংশ্লিষ্ট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।