রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসু মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে। বাবার নাম মৃত চান মিয়া।
নিহত বাসু মিয়ার ভাতিজা মো. শাকিল বলেন, নিহত রিকশাচালকের তিন ছেলের আছে। তার ছেলে এবং স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। অধিকাংশ সময় রাতে অটোরিকশা চালাতেন বাসু মিয়া। শুক্রবার রাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে।
এরপর ভোরের দিকে তার মোবাইল ফোন থেকে পথচারীরা ফোন করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান। এই খবর শুনে পরে স্বজনরা ঢাকা মেডিকেলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে তার অটোরিকশা, মোবাইল ফোন নিতে পারেনি। রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে এবং পেটে ছুরিকাঘাত করেছে বলে ধারণা স্বজনদের।