রামুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় রামুর ফতেকারকুল ইউনিয়নের প্রধান সড়কেই এই ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ একই উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি রামু বাইপাসস্থ এন আমিন মার্কেটের স্বত্ত্বাধিকারি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার (৩১ আগস্ট) দুপুরে নুরুল আমিন ছিদ্দিকী রাশেদ ও তার ভাই কামরুল বাগান দেখাশোনা করতে গিয়েছিলেন। ফেরার সময় পথিমধ্যে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে এবং দুই জনকে উপূর্যপুরি ছুরিকাকাঘাত করে। মূমূর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন ছিদ্দিকী রাশেদকে মৃত ঘোষণা করে।

তারা আরও জানান, মুক্তিযোদ্ধা মোজাফফরের ছেলে আশিক, মাসুম, নুরুল আলমের ছেলে তুষার, আবদুল হালিমের ছেলে মিজান, নুরুল কবিরের ছেলে মুমিন, কায়েস মেম্বারের ছোট ভাই আলম সহ স্থানীয় আরাফাত, গোলাম কাদের, শিশির, মাসুম সহ ১৫ জনের একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাশেদকে হত্যা করেছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এ ঘটনা সংগঠিত হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। এ কারণে পুরো এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ছুরিকাঘাতে ব্যবসায়ী রাশেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, হত্যার বিষয়টি তিনি সন্ধ্যায় জেনেছেন। তাছাড়া মৃতদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এসব কারণে যাওয়া হয়নি।