ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা

সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা : স্বাস্থ্য উপদেষ্টা

দেশ জুড়ে চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, ‘চিকিৎসকদের ওপর হামলার বিচার হবে। সিসি-টিভি ফুটেজ চেক করে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। চিকিৎসকদের ওপর হামলা, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘কথায় কথায় চিকিৎসকদের ওপর চাড়াও হওয়া কাম্য নয়। এ ঘটনায় ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি করেছি। এটি হিমাগারে যাবার মতো তদন্ত কমিটি নয়। অন্তত তিনটি কর্মদিবসে রিপোর্ট দেওয়া হবে। যেকোনো মৃত্যু কষ্টের। চিকিৎসকদের চেষ্টায়ও ছাত্রটিকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্ত করা হবে।

তিনি অনুরোধ জানিয়ে আরও বলেন, আন্দোলনরত ডাক্তাররা আমাদের সন্তানের মতো। তাদের প্রতি আমি আহ্বান জানাবে শাটডাউন তুলে নাও। মানুষের সেবায় এসেছ, মানুষের সেবায় ফিরো যাও।