ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে ঢামেক সভাকক্ষে আলোচনায় অংশ নেন তিনি।
এদিন বিকেল ৩টার দিকে প্রথমে মেডিকেলের সভাকক্ষে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সেখানে ঢামেক হাসপাতালের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে পৌনে ৪টার দিকে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। তিনি পরিচালকের কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢামেক চিকিৎসকরাসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।
এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান।