সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানাল পাবলিক হেলথ অ্যাডভোকেটস

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস। সংগঠনটি বলেছে, এ সিদ্ধান্ত জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংসদ ভবন ও এর চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করা হলে তা জনস্বাস্থ্য সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংগঠনটি জানায়, তামাকের ধোঁয়া শুধু ধূমপায়ীদের জন্য নয়, অধূমপায়ীদের জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও দর্শনার্থীদের সুরক্ষায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে শুধু ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করলেই হবে না, সংসদ চত্বরে ধূমপান ও সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ জন্য নিয়মিত নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আদালতসহ অন্যান্য জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় সংসদের এ উদ্যোগ অনুসরণযোগ্য হতে পারে।

সংগঠনটি আশা প্রকাশ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত এ উদ্যোগ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদ জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইকবাল মাসুদ, সৈয়দ মাহবুবুল আলম, আমিনুল ইসলাম সুজন, সুসান্ত সিনহা, সৈয়দা অনন্যা রহমান, ফারহানা জামান লিজা, আবু রায়হান, ইব্রাহিম খলিল ও সামিউল হাসান সজীব প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত