হামলাকারীদের গ্রেপ্তার-বিচার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের এমন আন্দোলনে মারাত্মক প্রভাব পড়েছে রোগীদের ওপর। ফলে আন্দোলন প্রত্যাহারের জন্য জরুরি আলোচনায় বসেছেন সংশ্লিষ্টরা।
আজ রবিবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এই আলোচনা শুরু হয়। এতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। আলোচনায় আন্দোলনকারী চিকিৎসকরা তাদের দাবি দাওয়া তুলে ধরছেন।
একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। তবে আলোচনা যখন চলছিল তখন মুগদা হাসপাতাল ও অন্য একটা হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর হামলা হয়েছে বলে খবর আসে। এ নিয়ে চিকিৎসকরা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। এ নিয়ে এখনও আলোচনা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিতের বিষয় আশ্বাস দেওয়া হয়। ধারণা করা হচ্ছে আলোচনা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসতে যাচ্ছে।