সাফ অনূর্ধ্ব-১৭’র শুরুতেই বাংলাদেশ-ভারত

ফ্লাইট জটিলতার কারণে দু’দিন পিছিয়ে ২০ সেপ্টেম্বর ভুটানে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। নতুন সূচীও রবিবার প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নতুন সূচী অনুযায়ী উদ্বোধনী দিনেই গতবারের দুই ফাইনালিস্টের দেখা হয়ে যাচ্ছে। এ গ্রুপের ফেভারিট ও গত আসরের (যদিও সেটি ছিল অনূর্ধ্ব-১৬ বয়স শ্রেণীর) চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলা করতে হবে রানার্স-আপ বাংলাদেশকে। ২২ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে।

সাফ বয়সভিত্তিক আসরগুলোকে প্রতি বছর এএফসি’র সঙ্গে সঙ্গতি রেখে আয়োজন করে বলেই বয়স শ্রেণী বদলে যায়। যেমন সাফের এই আসরটি ২০১১ সালে প্রথম শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৬ বর্ষীয়দের নিয়ে। ২০১৩ ও ২০১৫ সালে এই বয়স শ্রেণীতেই হয় পরের দুই আসর। তবে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে হয় অনূর্ধ্ব-১৫ বয়সীদের নিয়ে। করোনা অতিমারীর কারণে ২০২০ ও ২০২১ সালে হয়নি কোন টুর্নামেন্ট। তবে ২০২২ সালে হয় অনূর্ধ্ব-১৭ বয়সীদের নিয়ে। এর পরের বছর অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে হওয়ার পর এ বছর হবে অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের নিয়ে।

কিশোর ফুটবলারদের নিয়ে ৯টি টুর্নামেন্টের দু’টিতে শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা স্বাদ পায় তারা। এরপর ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফে পাকিস্তানকে ফাইনালে হারায় তারা। এরপর থেকে আর শিরোপা জেতা হয়নি তাদের। গত বছর ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ আসরে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে।

এবার মোট সাত দল নিয়ে হবে টুর্নামেন্ট। এ গ্রুপে তিন দল থাকলেও বি গ্রুপে রয়েছে চার দল- স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে দু’টি করে দল নিয়ে হবে সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।