বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. আশিক বাবু (২৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মো. চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আশিকের চাচাত ভাই মো. রেজাউল বলেন, আশিক সংসারের বড় ছেলে। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গত ৪ আগস্ট মাথায় আঘাত পায়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। সেখানে ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। রোববার দুপুর দেড়টার সময় আশিক মারা গেছে।
এ সময় আশিক হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তার চাচাতো ভাই।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছি। তবে এখনো কাগজপত্র পাইনি।