ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধে বড় সাজ্জাদের অনুসারীকে গুলি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মোটর সাইকেলে এসে ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম নামে এক যুবককে গুলি করে পালিয়ে গেছে অস্ত্রধারী পাঁচ দুর্বৃত্ত। সোমবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইমতিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চমেক হাসপাতালের চিকিৎসকরা। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত  বলেন, 'পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে অস্ত্রধারীদের এখনো শনাক্ত করা যায়নি।'  

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, একটি দোকানের সামনে বেঞ্চে বসা ছিলেন ইমতিয়াজ। এ সময় পাঁচ অস্ত্রধারী মোটরসাইকেলে এসে ইমতিয়াজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার কোমর ও পায়ের তালুতে গুলি লাগে। গুলি করার পর অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। 

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ইমতিয়াজকে গুলি করার সময় প্রাণ বাঁচাতে তিনি পাশের চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় আশ্রয় নেন। অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে লক্ষ করে ২৫/২৬ টি গুলি ছোড়েন । এতে  ভবনটির দরজা-জানালার কাঁচেও গুলি লাগে।

পুলিশ জানায়, ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। চলতি বছরের  ১৮ ফেব্রুয়ারি এসআরবির হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন ইমতিয়াজ। দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি।

 সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে মুরাদপুর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে দোকানের সামনে বেঞ্চে ইমতিয়াজ বসা ছিলেন ওই দোকানের লোহার দরজায় গুলির চিহ্ন। ভবনটির একটি কাচের জানালা গুলিতে ভেঙে গেছে।  এ সময় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ভবনের একাধিক বাসিন্দার৷তারা ঘটনার বর্ণনা দেন।

ইলিয়াস আলী নামে স্থানীয় এক দোকানদার  বলেন, "আমার পাশের দোকানের সামনে বেঞ্চে বসা ছিলেন ইমতিয়াজ। এ সময় অস্ত্রধারী পাঁচ যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। প্রাণ বাঁচাতে ইমতিয়াজ পাশের চারতলা ভবনের দোতলায় উঠে আশ্রয় নেন। অস্ত্রধারীরা সেখানে গিয়ে ভবনটির চারপাশে ঘিরে ইমতিয়াজকে লক্ষ করে প্রায় ২৫/২৬টি গুলি ছোড়েন। এরপর তারা মোটরসাইকেলে করে চলে যান।" আবার কেউ কেউ বলেছেন অস্ত্রধারীরা পায়ে হেঁটে চলে যান। 

ভবনটির বাসিন্দা আবুল কালাম  বলেন, "ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায়। আমি ও আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ি। এ সময় পাশের ফ্ল্যাটে দেখি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে ইমতিয়াজ। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তার দেশ রুপান্তরকে বলেন, "পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা আমার স্বামীকে গুলি করেছে। তারা দীর্ঘদিন ধরে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। আমি অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তার চাই।" 

গুলিবিদ্ধ ইমতিয়াজের স্ত্রী রুমার দাবি, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে তারা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এরপর সাজ্জাদ গ্রুপের অনুসারীরা ইম্বতিয়াজকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়।  এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন তারা। ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই ইমতিয়াজকে হত্যা চেষ্টা করা হয়েছে বলেও দাবি রুমার। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত