২৯০০ প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমান ধানের উফশী বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে আবাদি আউশ, আমনের বীজতলা এবং রোপা আমনের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে বীজ, সার ও নগদ টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলী মন্ডল।

উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার কৃষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের আজ যে বীজ দেয়া হয়েছে তা ইতোমধ্যে হিমাগারে রাখা হয়েছিলো। তাই এই বীজ ভিজানোর আগে রোদে শুকিয়ে নিতে হবে। এই ধান বীজতলায় ১৫-১৬ দিনের বেশি রাখা যাবে না। আমন বীনা ১৭ নামে পরিচিত এই ধানের বীজে ১০০ দিনের মধ্যে ফলন আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে নেই। যে ক্ষতি আমাদের হয়ে গেছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আপনাদের যে প্রণোদনা দেয়া হয়েছে তা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে।’