ফিলিস্তিনিদের হামলায় ৩ ইসরায়েলি পুলিশ নিহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের হামলায় প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের তিন পুলিশ কর্মকর্তা। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে শ্চিম তীর ও ইসরায়েলের সীমান্তবর্তী ইধানা-তার্কমিয়া জংশনের চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তারা হলেন- চিফ ইন্সপেক্টর আরিক বেন ইলিয়াহু (৩৭), কমান্ড সার্জেন্ট মেজর হাদাস ব্রাঞ্চ (৫৩) এবং ফাস্ট সার্জেন্ট রনি শাকুরি (৬১)।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইধানা-তার্কমিয়া জংশনের চেকপোস্টের কাছে পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা। এরপর তারা সেখান থেকে পালিয়ে যান। 

ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে নিহত তিন পুলিশ সদস্যের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আজকের ঘটনায় নিহত রনি শাকুরির মেয়ে মোর শাকুরি গত ৭ অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারান। 

গত সপ্তাহে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলি পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত