এবার পর্ষদ ভাঙল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

এবার এস আলমের মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নাকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, চার্টার্ড একাউন্টেন্ট মো. রাগিব আহসান।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

এর আগে এস আল‌মের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকেরও পর্ষদ পুনর্গঠন করা হয়।