বড় জয়ে সিরিজ ইংল্যান্ডের

ম্যাচের ফল নিয়ে সংশয় ছিল না। ৪৮৩ রানের টার্গেটে শ্রীলঙ্কা কতটা লড়াই করতে পারে, সেটিই ছিল দেখার। গাস আটকিনসনের দারুণ বোলিংয়ে লর্ডস টেস্ট চার দিনে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে ইংল্যান্ড।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হওয়ায়, ইংল্যান্ডের জয় পায় ১৯০ রানে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিক ইংল্যান্ড এগিয়ে গেল ২-০ তে।

দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৫ উইকেট নেন গাস আটকিনসন। ৫ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট শিকার করলেন আটকিনসন। ব্যাট হাতে প্রথম ইনিংসে আট নম্বরে নেমে তিনি খেলেন ১১৮ রানের ইনিংস।

তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২৬ বছর বয়সী এই পেসার। সেঞ্চুরির সঙ্গে ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে, জোড়া সেঞ্চুরি করা জো রুটকে ছাপিয়ে ম্যাচের সেরাও আটকিনসন।