সড়কে কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত, চা পাতার দাম কর্তনসহ আট দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন চা চাষিরা। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড়ের ‘ক্ষুদ্র চা চাষি’ ব্যানারে উপজেলার বিজয় চত্বর এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। এ সময় দেবীগঞ্জ-ডোমার সড়কে কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ জানান চাষিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চা পাতার দাম কর্তন করে চাষিদের হয়রানি করা হচ্ছে। অনেক চাষিরা ঋণগ্রস্ত। কারখানার মালিকদের নির্যাতনের শিকার হয়ে দাম না পেয়ে গাছ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন চাষিরা।

ভর্তুকির মাধ্যমে মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি প্রদান, প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সুদমুক্ত সহজ শর্তে ঋণসহ আট দফা দাবি আগামী ১৫ দিনের মধ্যে মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে চাষিরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আট দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়া স্থানীয় সেনাক্যাম্পেও স্মারকলিপি প্রদান করেন চা চাষিরা।