আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজের এ আদেশ দেয়।

গত ১৯ আগস্ট ‘সারডা সোসাইটি’ নামে একটি সংগঠনের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট আবেদনটি করেন। আবেদনের যুক্তিতে রিটকারী তখন বলেন, কোটা আন্দোলন কেন্দ্র করে আন্দোলন দমাতে আওয়ামী লীগ নেতারা পুলিশ বাহিনীকে গুলি করতে উসকে দিয়েছেন। আর শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়েছে। শত শত মানুষ হত্যার শিকার হয়েছে। তাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হাইকোর্টের নির্দেশনা চেয়েছি।

গত ২৭ আগস্ট এ রিট আবেদনের ওপর শুনানি হয়। এদিন শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেই। দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার এখতিয়ার দেয়নি। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সরকার খর্ব করবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায়-অবিচারের শিকার হয়েছে। যারা খুন, গণহত্যার সঙ্গে জড়িত সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটি সংগঠনকে বন্ধ করে দিয়ে, হাজার হাজার, লাখ লাখ সমর্থক, দলের আদর্শে যারা বিশ্বাস করেন, তাদের রাজনৈতিক অধিকার খর্ব করার ইচ্ছা এ সরকারের নেই।’ শুনানিতে রিট আবেদনকারীর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এ আবেদনে আওয়ামী লীগকে পক্ষভুক্ত করা হয়নি।’

ওইদিন শুনানি নিয়ে ১ সেপ্টেম্বর (গতকাল) পর্যন্ত শুনানি মুলতবি করে হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল শুনানিতে রিটকারী আইনজীবী আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আরজি জানান। আদালত আবেদনটি সরাসরি খারিজের আদেশ দেয়।