দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল ও তার স্ত্রী ফারাজানা সিদ্দিকার ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতকে জানিয়েছে, শাহ কামালের ১২টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা রয়েছে। এ ছাড়া তার স্ত্রী ফারজানার সাতটি ব্যাংক হিসাবে রয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা।
দুদকের উপপরিচালক মাহবুবুল আলম তাদের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মো. শাহ কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ত্রাণের অর্থ আত্মসাৎ, বদলি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে যে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধ পন্থায় অর্জিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে শাহ কামাল ও তার স্ত্রী ফারজানা সিদ্দিকা নামীয় ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় তাদের বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়।