ছাটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা বলে অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার সকাল ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে জিএবি লিমিটেডসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
জিএবি লিমিটেডের শ্রমিকরা বলছেন, তারা কিছু ‘যৌক্তিক’ দাবি উপস্থাপন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেন। এর প্রতিবাদে তারা আজ (গতকাল) মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
এদিকে আশুলিয়ায় ঘোষবাগ এলাকার নাশা গ্রুপের শ্রমিকরা টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধি, বাৎসরিক অর্জিত ছুটির টাকা প্রদানের দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা পাশর্^বর্তী হামীম গ্রুপ, নিউএইজ, আল-মুসলিম, জনরনসহ বেশ কিছু কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করলে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কারখানাগুলো ছুটি দিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে শ্রমিকদের চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পপুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।