রংপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় সন্ধ্যা রানী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ি থেকে রিকশাভ্যান যোগে দুই নাতনীকে নিয়ে সন্ধ্যা রানী তারাগঞ্জ বাজারে যাচ্ছিলেন। মহাসড়কের উপজেলা পরিষদের সামনে পৌঁছালে রিকশাভ্যানটিকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস যাত্রী পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সন্ধ্যা রানী। এছাড়াও দুই শিশুসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, ‘সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। মাইক্রোবাসটি তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া রিকশাভ্যান ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে আছে। এবিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।’