নিখোঁজের ৫ দিন পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকনিক করতে গিয়ে বড়াল নদীতে ডুবে নিখোঁজ কলেজছাত্র সোয়াইবের মরদেহ পাঁচ দিন পর গত রবিবার রাতে উদ্ধার করা হয়েছে। গত ২৮ আগস্ট সকালে বন্ধুদের সঙ্গে নৌকায় রাউতারা সøুইসগেট এলাকায় পিকনিক করতে যায় সোয়াইব। সে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার আবদুস সালামের ছেলে। পড়ালেখা করত ঢাকার ধানম-ি আইডিয়াল কলেজে।

রবিবার রাতে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বাঘাবাড়ী (শাহজাদপুর) নৌবন্দরের পাশে চয়ড়া নামক স্থানে সোয়াইবের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ রাত ১১টার দিকে নৌ-পুলিশের সহযোগিতায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।

সোয়াইবের বন্ধুরা জানায়, ঘটনার সময় রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব নৌকা থেকে নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয় জেলেদের সহযোগিতায় তিন বন্ধু তীরে উঠতে পারলেও সোয়াইব নিখোঁজ হয়। শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সোয়াইবের বাবা-মা তাদের সন্তানের পরনের জামা-প্যান্ট দেখে শনাক্ত করেন। জানাজা শেষে রবিবার রাতেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শালদিয়ার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।