পাকিস্তানের সঙ্গে শত্রুতায় ফায়দা নেই : উপদেষ্টা

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে বাংলাদেশের কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা, দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিবিড় হচ্ছে কি না, জানতে চাইলে এ উপদেষ্টা বলেন, ‘এ দুটির একটিকেও আমি ঠিক মানছি না। আমি মনে করি, কোনো একপর্যায়ে, কোনো এক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপড়েন ছিল। স্বাভাবিক একটা সম্পর্ক যদি উন্নীত হয়, আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সঙ্গে বন্ধুত্ব চাই।’