নতুন করে ৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, মিয়ানমার থেকে নতুন করে প্রায় আট হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। তবে নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে প্রায় আট হাজার রোহিঙ্গা ঢুকে গেছে। সীমান্তের বিষয়টা যদিও আমার না কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায়। আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদে এটা নিয়ে সিরিয়াস আলোচনা হবে এবং কীভাবে ঠেকানো যায় তা আমাদের চেষ্টা করতে হবে।’ তিনি বলেন, ‘যথাসম্ভব তাদের আটকানোর চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেব না।’

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কি না বা বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাকটিভ আছে কি না এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। বিভিন্ন সোর্স কাজ করে, স্থানীয় লোকজনের স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এ দুর্ঘটনাগুলো ঘটে। তবে আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। হয়তো কাল-পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে।’

উপদেষ্টা হওয়ার আগে বিশ্লেষক হিসেবে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করতে হলে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের কথা বলেছিলেন। বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে তার অবস্থান জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এখনো তাই মনে করি। তবে বিষয়টা ব্যক্তিগতভাবে আমার একার নয়। আমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আপনারা আশা করবেন না। কারণ, আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন যে ভাষায় কথা বলতে পেরেছি; এখন আমি সরকারের প্রতিনিধিত্ব করি।’