চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাটে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী হানিফ বাসের (ঢাকা মেট্রো ব- ১৫ -৬৯৪৯) ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত সাবিতুল আলম বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের প্রবাসী শামসুল আলমের ছেলে। সে ৫ দিন আগে বাঁশখালী থেকে দোহাজারী নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে সাবিতুল রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা সাবিতুলকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। পরে হানিফের বাসটি আটক করে এলাকাবাসী।
দোহাজারী হাইওয়ে থানা ওসি খান মো. এরফান বলেন, দোহাজারী দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করে। যদিও গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।