বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর পৃথক দুই স্থানে দুইজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকের (আইজিপি) রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে শহীদুল হককে সাতদিনের ও আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তাদের আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যা মামলায় আবদুল্লাহ আল মামুনের ৮ দিন ও রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
এ সময় আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনও মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি নির্দোষ।
এদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনও কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়। তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের উত্তরা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবি, ঝড় গেছে ওমর সানীর ওপরে
‘তুমি এত বোকা’, রোনালদোকে জর্জিনা